আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে পা হারানোর অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল। ঘটনাটি স্বাধীন তদন্তের আবেদনও জানানো হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী আমীনূর রহমান শেখ আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল ইসলামের পক্ষে তিনি রিটটি করেন।
আইনজীবী আমীনূর রহমান জানান, সংবিধানের ৩১, ৩২, ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। রিটে সাইফুল ইসলামের স্থায়ী শারীরিক ক্ষতির জন্য পাঁচ কোটি টাকা জনআইনগত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদনও জানানো হয়েছে।
হাইকোর্টের জারি করা রুলে অতিরিক্ত ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে তাঁকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, গুলি করার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটিকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রিটের বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৬ জুন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার জামান হোটেল থেকে সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য সাইফুল ইসলামকে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যান।
রিটে অভিযোগ করা হয়, পরদিন রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে সাইফুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে বাম হাঁটুতে পরপর দুটি গুলি করা হয়।
বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে করা একটি মামলায় পরে সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। এতে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন এবং স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা হারান।
রিটে বলা হয়, অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল সাইফুল ইসলামকে খালাস দেন। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষীদের বক্তব্য, জব্দতালিকা ও তদন্তের বিভিন্ন অসংগতি উঠে আসে।
বার্মা সাইফুল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক ছিলেন। নগরের বায়েজিদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসসহ নানা অপরাধে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় তাঁর বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে।
চট্টগ্রাম নগরের হামজারবাগে এক স্বর্ণ ব্যবসায়ীর সাড়ে ৩০০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে গত ১২ জানুয়ারি ঢাকার গুলশান থেকে সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন।