রেজাউল করিম সাগরের (২১) স্বপ্ন ছিল মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে যাওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে এসে ধরা দিল না। নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এই তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের ১ নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকার নন্না মিয়া মিস্ত্রীর বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
হাটহাজারী থানার উপপরিদর্শক আকরামুল হক জানান, বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রেজাউল করিম সাগরের পিতা আবুল কাসেম আজকের পত্রিকাকে বলেন, কিছুদিন পর ছেলের দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনা সব কেড়ে নিল। যে ভবনে দুর্ঘটনাটি ঘটেছে ওই ভবনের মালিক আমার ছেলেকে উচ্চক্ষমতা সম্পন্ন একটি সঞ্চালন লাইনের পাশে কাজ করতে বাধ্য করে। এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতে গিয়ে ওই সঞ্চালন লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে মারা যায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।