চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে ছোট ভাই জয়নাল এগিয়ে যান এবং দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। এতে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে জয়নালকে একাধিকবার আঘাত করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।