হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে ধাওয়া করে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবককে গুলি করে পালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

আজ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান বাদশা আজকের পত্রিকাকে বলেন, আমি অসুস্থ। তবে গুলির কথা জেনেছি। গুলিবিদ্ধ যুবকের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ যুবককে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য কাজ করছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, হাটহাজারী থেকে আরাফাত নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাঁর মুখে গুলি লেগেছে। তবে সেটি গুরুতর নয়। রাবার বুলেট বা ছররা গুলি হতে পারে।

ওসি মো. জাহিদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।