চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের শোভনছড়ি এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুর থানা-পুলিশ বন্দুক দুটি উদ্ধার করে।
ভুজপুর থানা সূত্রে জানা যায়, সকালে স্থানীয়দের মাধ্যমে সুয়াবিলের শোভনছড়ি এলাকায় দুটি বন্দুক পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পাহাড়ের পাদদেশে খড়ের গাদার পাশে ফেলে রাখা দুটি দেশীয় একনলা বন্দুক পাওয়া যায়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে বন্দুক দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।