চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার মামুন মিয়ার মেয়ে। শনিবার মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তিনি ইপিজেড এলাকা থেকে একটি পাঠাও মোটরসাইকেলে উঠেছিলেন। পথে নেভি হাসপাতালের সামনে পেছন থেকে একটি মালবাহী ক্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, নিহত নাফিসা নাওয়াল এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি মহসিন কলেজ পরীক্ষা সেন্টারের উদ্দেশে ইপিজেড থেকে একটি পাঠাও মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় নেভি হাসপাতালের সামনে পেছন থেকে একটি ক্রেন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ইপিজেডে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীকে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে চমেক হাসপাতালে আনা হয়েছিল।