হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে আটকের পর পুলিশে দিল বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের হালিশহরে আইসক্রিমের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর স্থানীয় দোকানদার তারেকুলকে (৬০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে নগরের হালিশহর থানাধীন হালিশহর বি-ব্লক পাবলিক স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

আটক দোকানি হালিশহর বি-ব্লক এলাকায় থাকেন এবং ওই এলাকায় একটি দোকান চালান। শিশুটিও বাবা-মায়ের সঙ্গে একই এলাকায় থাকে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন আজ রাতে আজকের পত্রিকাকে জানান, বি-ব্লকের ৯ বছরের এক শিশু সন্ধ্যায় মায়ের কাছে এসে কান্নাকাটি করে বলে—তাকে দোকানদার শরীরে বাজেভাবে স্পর্শ করেছে। এরপর ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারেকুলকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ওসি বলেন, শিশুটির শরীরে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ ওঠায় তার কোনো মেডিকেল পরীক্ষার প্রয়োজন পড়েনি।