রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ১ নম্বর গেইটের নিরাপত্তা অফিস এলাকা থেকে বিরল প্রজাতির ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সাপটি দেখতে পাওয়া গেলে খবর পেয়ে ‘ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি ইমরান হোসেন ইমন ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারী ইমরান হোসেন ইমন জানান, ‘সাপটি ‘‘পাকড়া উদয়কাল’’ বা হোয়াইট-বার্ড কুকরি নামে পরিচিত এবং এটি নির্বিষ। সাপটি বিরল প্রজাতির হওয়ায় বর্তমানে এটিকে নিরাপদে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করা যাবে।’
স্থানীয়দের প্রতি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইমরান হোসেন ইমন বলেন, এ ধরনের সাপ লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে সাপটিকে না মেরে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।