হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুমন মিয়া (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া হবিগঞ্জের উত্তর হাটির সুনেশ্বর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। আহত সুমন একই এলাকার কামাল হোসেনের ছেলে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ ও সুমন মোটরসাইকেলে করে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। মৌলভীর দোকান এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।