হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে তাহসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু একসঙ্গে বাড়ি ফেরে। পরে তারা স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না।

একপর্যায়ে চার শিশু পানিতে ডুবে যেতে থাকলে তারা চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পুকুরের পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাহসিন পানিতে তলিয়ে যায়।

বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা ইয়াকুব পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।