হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে কোদালের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

স্ত্রীকে হত্যার অভিযোগে মো. সলিমকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে দোহাজারী সদর এলাকার উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সলিম ও নুরহাবা দোহাজারী সদর এলাকার উল্লাপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সলিম স্থানীয়ভাবে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজ বুধবার সকালে তিনি মাটি কাটার কোদাল ও দুপুরের খাবার সঙ্গে নিয়ে কাজে বের হন। কিছুদূর যাওয়ার পর নির্ধারিত স্থানে কাজ হবে না জানতে পেরে তিনি বাসায় ফিরে আসছিলেন।

এ সময় তিনি দেখতে পান, তাঁর স্ত্রী নুরহাবা বাসায় তালা লাগিয়ে কোথাও যাচ্ছেন। স্ত্রী কোথায় যাচ্ছেন—এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সলিমের হাতে থাকা কোদাল দিয়ে নুরহাবার মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

গুরুতর আহত নুরহাবাকে তাঁর স্বামীই দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে সলিমকে আটক করে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিপু মজুমদার বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে কোদালের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত নুরহাবা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা মৃত এরশাদ উল্লাহর মেয়ে। আটক সলিম একই ক্যাম্পের আবদুল আমিনের ছেলে। তাঁরা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে দোহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।