হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ।

আজ রোববার দুপুরে বন্দরের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে এই সমাবেশ হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইয়াছিন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মকবুল আহমদ ভূঁইয়া। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে বন্দর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। লালদিয়ারচরে নির্মাণাধীন টার্মিনালও বিদেশি প্রতিষ্ঠান পরিচালনা করবে।

সংগঠনের নেতাদের দাবি, দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত এনসিটি, সিসিটি ও জিসিবিতে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।

স্মারকলিপিতে বিদেশি অপারেটর পরিচালিত প্রতিটি টার্মিনালে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত ২০ শতাংশ দক্ষ লোকবল নিয়োগের শর্ত রাখার দাবি জানানো হয়। এনসিটিতে ডকুমেন্টেশন, কালেকশন ও আনস্টাফিংয়ের কাজ বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় রাখার পাশাপাশি বন্দরের শ্রম শাখার অন্তর্ভুক্ত শ্রমিক-কর্মচারীদের এনসিটিতে কাজের নিশ্চয়তা ও অন্তর্ভুক্তির দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে জিসিবিতে দেশি বা বিদেশি কোনো অপারেটর নিয়োগ না দেওয়া, বোর্ড সভায় অনুমোদিত উৎসাহ বোনাস, পোর্ট অ্যালাউন্স, ঝুঁকি ভাতা ও সরকার অনুমোদিত গৃহনির্মাণ ঋণ বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দরে দ্রুত সিবিএ নির্বাচন এবং শূন্যপদে জনবল নিয়োগের দাবি জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, তাঁরা বিদেশি বিনিয়োগের বিরোধিতা করেন না। বে-টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো নতুন অবকাঠামোয় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে। তবে দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত ও বর্তমানে সফলভাবে পরিচালিত টার্মিনালগুলো বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া উচিত নয়।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, আমিনুল ইসলাম রুমেল, মো. শাহ আলম, রেজাউল করিম সেলিম, মো. আমানুল্লাহসহ শ্রমিকনেতারা বক্তব্য দেন।