চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে প্রকাশ্যে এক রিকশাযাত্রীর পকেট কেটে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ও সোমবার নগরের বাকলিয়া এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকায় পৃথক অভিযানে কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সাদ্দাম হোসেন (৪৩) ও মো. মনির হোসেন (৩৮)। সাদ্দাম বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকায় থাকেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ জড়িতদের ধরতে অভিযানে নামে। রোববার বাকলিয়া থেকে মনির হোসেনকে আটক করা হয়। মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়। মনিরকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল সোমবার অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে।’
নাজমুন নুর বলেন, সাদ্দাম হোসেন একজন পেশাদার ও দুর্ধর্ষ ছিনতাইকারী। ২০২৫ সালে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়ও সাদ্দাম গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় নয়টি মামলা বিচারাধীন রয়েছে।
শনিবার সকালে কোতোয়ালি থানার পাথরঘাটার সতীশ বাবু লেনে প্রকাশ্যে এক রিকশাযাত্রীকে থামিয়ে ছিনতাই করে পালিয়ে যান ব্যাটারিচালিত রিকশায় আসা চালকসহ তিন ছিনতাইকারী। ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
৮৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রিকশা থামিয়ে দুই ছিনতাইকারী এক যাত্রীকে ঘিরে রেখেছেন। তাঁদের একজন ছুরি হাতে যাত্রীকে জিম্মি করে রাখেন। অন্যজন যাত্রীর প্যান্টের ডান পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন।
ভিডিওতে আতঙ্কিত যাত্রীকে বলতে শোনা যায়, “আরে ভাই, দিতাছি তো।” নড়াচড়া করায় একপর্যায়ে তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করার দৃশ্যও দেখা যায়। পরে পকেট থেকে কিছু বের করতে না পেরে ধারালো ছুরি দিয়ে যাত্রীর প্যান্টের পকেট কেটে ফেলেন ছিনতাইকারী।
রিকশার চালককে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সড়কের আশপাশের বাসাবাড়ি থেকে কয়েকজন বাসিন্দা ঘটনা দেখে চিৎকার শুরু করলে দুই ছিনতাইকারী আগে থেকে প্রস্তুত রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান।