হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে এলপিজি স্টেশনে রান্নার গ্যাস রিফিল, সংবাদ প্রকাশের পর জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফটিকছড়িতে এলপিজি ফিলিং স্টেশনেই রিফিল হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার। সম্প্রতি তোলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বেগবাজার এলাকায় গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত এলপিজি ফিলিং স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেঁয়াকো বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযানে দাতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরকত উল্লাহসহ ভূজপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি রিফিলের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে—এমন আরও কিছু অনিয়ম শনাক্ত করা হয়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সন্ধ্যায় রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

এর আগে গত ২৬ আগস্ট ‘ফটিকছড়িতে এলপিজি ফিলিং স্টেশনেই রিফিল হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রতিষ্ঠানটিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিবেদনে ওঠা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, ‘জননিরাপত্তা ও ভোক্তার স্বার্থে এলপিজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’