উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ৬৬তম দিনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়। একই দাবিতে শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করতে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা ঘোষণায় বলেন, ‘গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এমন অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
বিকেল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। চুয়েট ক্যাম্পাস থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম নগরে বিক্ষোভের মাধ্যমে তাঁরা আন্দোলন ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘শরিফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’ এবং ‘আইইবি নীরব কেন?’
মানববন্ধন শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে থেকে বের হওয়া একটি মিছিল নগরের কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।’
মোস্তফা খালিদ বিন শামস বলেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতনও বন্ধ রয়েছে বলে তিনি জানান।
পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যাঁরা নীতিনির্ধারক আছেন, তাঁদের সবার কাছে আমাদের আবেদন, আমরা একজন ভিসি চাই।’
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষাকার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই আমাদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে আমরা কাজ করছি। আশা করছি, চুয়েট সংকটের দ্রুত সমাধান হবে।’
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
ওই দিন রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে।
গতকাল বুধবার দুপুরে শিক্ষক সমিতির জরুরি সভা শেষে চুয়েটের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকেরা। ৯৫ জন অধ্যাপকের মধ্যে সাবেক উপাচার্য ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমও রয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। চুয়েটের অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। চুয়েটে ৯৫ জন অধ্যাপক আছেন। সরকার চাইলে অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকে নতুন কাউকেও দিতে পারে।’