চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছে সদ্য নিয়োগপ্রাপ্ত অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। গতকাল সোমবার রাত ১২টায় প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য টার্মিনালের দায়িত্ব নেয়। এর মধ্য দিয়ে নিউমুরিং কনটেইনার টার্মিনালের পর সিসিটির পরিচালনাও সাইফ পাওয়ারটেকের হাতছাড়া হলো।
বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম।
এদিকে দরপত্র আহ্বান ও জমাদানের প্রক্রিয়া নজিরবিহীন দ্রুততায় হওয়ায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের একাংশ।
বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, সরকারি ক্রয়বিধি অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে যে সময় দেওয়ার কথা, তা মানা হয়নি।
ফজলে একরাম চৌধুরী বলেন, ১৮ নভেম্বর খবর পাওয়ার পর ১৯ নভেম্বরের মধ্যে কাগজপত্র গুছিয়ে দরপত্রে অংশ নেওয়া অসম্ভব ছিল। এ কারণে বন্দরের অনেক অপারেটর প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, পিপিআর, আইন ও বিধি অনুসরণ করেই সিসিটির জন্য সীমিত দরপত্র আহ্বান করা হয়েছে। মূল্যায়ন কমিটির সুপারিশে মন্ত্রণালয় সিসিটির নতুন অপারেটর অনুমোদন দিয়েছে। এভারেস্ট পোর্ট সার্ভিসেস ইতিমধ্যে সিসিটির দায়িত্বভার বুঝে নিয়েছে।
বন্দরসচিব আরও বলেন, ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটিকে তিন সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। গতকাল সোমবার সেই বর্ধিত সময় শেষ হয়েছে।