হোম > সারা দেশ > চট্টগ্রাম

মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোমবার সকালে তালা ভেঙে চেয়ারে বসেছেন নতুন ভিসি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে প্রথমে মূল ফটক ও পরে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে প্রবেশ করেন তিনি। তাঁর সঙ্গে বেশ কয়েকজন বহিরাগতকে দেখা গেছে।

এ বিষয়ে নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমের মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন জানান, ‘আমরা শুনেছি, উনি বহিরাগতদের নিয়ে তালা ভেঙে বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছেন। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

এদিকে নিয়োগের টানা ২২ দিন পর ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের ঘোষিত টানা শাটডাউনের মধ্যেই ভিসির প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।

সোমবার সকালে তালা ভেঙে চেয়ারে বসেছেন নতুন ভিসি। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ওই রাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর রাতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ২২ সেপ্টেম্বর থেকে চলছে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। আন্দোলনে রয়েছেন শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারাও।