হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পিকআপের চাপায় পথচারী বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

নিহত মো. দানু । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দানু উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ভায়েরখীল এলাকায় লোকমানের বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম। তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ নিতে তাঁর স্বজনেরা থানায় অপেক্ষা করছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।