হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, পথিমধ্যে কুপিয়ে টাকা ছিনতাই

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আহত মোহাম্মদ ফোরকান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মোহাম্মদ ফোরকানকে (২৯) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা হাফেজ মো. আবুজাফর। তিনি পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ফোরকানকে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ। হামলায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে ফোরকানের সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ফোরকানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফোরকানের মামাতো ভাই মোহাম্মদ তানভীর বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা—তা তদন্ত করে বের করা প্রয়োজন।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।