চট্টগ্রাম নগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিয়াত শওকত তারিম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, টাকাপয়সার পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ায় তার পরবর্তী পরীক্ষাগুলো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই তাহমিম শওকত তাহিম পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে সোমবার সকালে শুলকবহর এলাকা থেকে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন নাজিয়াত। শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিকশাটিকে থামিয়ে নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কর্মস্থলে যাওয়ার কথা বলেন। তাদের কথা শুনে চালক তাদের গাড়িতে তুলে নেন।
কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি নাজিয়াতের নাক-মুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা নিয়ে যায়। এরপর অচেতন অবস্থায় তাকে কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
জ্ঞান ফেরার পর নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি পুলিশ বক্সে গিয়ে ঘটনাটি দায়িত্বরত এক কনস্টেবলকে জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমিম শওকত তাহিম বেলা আড়াইটার দিকে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর বড় ভাই তাহমিম শওকত তাহিম সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড খোয়া যাওয়ায় আমরা এখন তার পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। সে এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’