চট্টগ্রামের চন্দনাইশে চলতি বছরের জন্য মাটি কাটা কার্যক্রম বন্ধ রাখতে ইটভাটামালিকদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আপনারা আপাতত এ বছর মাটি কাটা বন্ধ রাখেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, কেউ যাতে আপনাদের হয়রানি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চন্দনাইশ উপজেলা কনফারেন্স হলরুমে ইটভাটামালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ইটভাটামালিকদের দিয়ে মাটি কাটা বন্ধ রাখার বিষয়ে হাত তুলে ওয়াদাও করানো হয়।
জসীম উদ্দীন আহমদ বলেন, ‘আজ থেকে কেউ কোনো ধরনের চাঁদা বা টাকা দেবেন না। কেউ যদি অর্থ দাবি করে, আমাকে জানাবেন। সে যতই উচ্চপদস্থ হোক না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সভা চলাকালে এমপি ফোনে লাউড স্পিকারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেন এবং জানান, চন্দনাইশের ইটভাটামালিকরা চলতি বছরে আর মাটি কাটবেন না বলে অঙ্গীকার করেছেন। এ পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট ইটভাটাগুলোতে আপাতত কোনো ধরনের অভিযান না চালানোর অনুরোধ জানান।
জবাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘ভালো উদ্যোগ। তবে যেসব ইটভাটার অবৈধ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নেই—সেগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে?’
এ সময় এমপি ইটভাটামালিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ইটভাটার সব কাগজপত্র আমাকে দিন। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
এমপি জানান, আগামী বছর থেকে কীভাবে পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনা করা যায়, সে বিষয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু এবং ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আবদুর রহিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।