চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার ১৭ বছর আগের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হককে কক্সবাজার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াবুল হক (৫০) চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের বাসিন্দা রহমত উল্ল্যাহর ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হক কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদ পায় র্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।