হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্রীড়া সংস্থার কমিটিতে ছাত্রদল নেতার নাম প্রস্তাব করে ইউএনওর চিঠি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিবের নাম প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সম্প্রতি পাঠানো ওই চিঠিতে এ তথ্য জানানো হয়। আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।

গত ১৭ আগস্ট স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত সিজেকেএস অ্যাডহক কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া পরিষদ প্রণীত গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১.৬ অনুসারে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিনের নাম পাঠানোর অনুরোধ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিন সদস্যপদ প্রাপ্তি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদুয়ানুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুদ্দিন সবুজ। ছবি: সংগৃহীত

কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘উপজেলা ক্রীড়া সংস্থায় কামরুদ্দিন সবুজের উপস্থিতি ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজ বলেন, ‘কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ‘এমপি সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় সাধারণ সম্পাদক পদে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। শিগগিরই সব ক্রীড়াবিদকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’