চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি মন্দিরে উৎসব চলাকালে মদ্যপানে অসুস্থ হওয়ার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার সকালে বিষয়টি জানতে পারে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন—চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত সোনারাম মহাজনের ছেলে উজ্জ্বল (৫২) ও হরিপদ ঘোষের ছেলে নান্টু ঘোষ (৫০)।
অসুস্থ অপর তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাঁদের সবার বাড়ি চান্দগাঁও এলাকায়। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নান্টুর চিকিৎসা-সংক্রান্ত সনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) কথা উল্লেখ রয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মগধেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। ওই সময় মন্দিরের মোড়সংলগ্ন এলাকায় মদ্যপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার রাতে অনুষ্ঠান চলাকালে অসুস্থ হওয়ার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
ওসি আরও বলেন, বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।