হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবাসী ছেলের বিয়ে মেনে না নেওয়ায় বাবাকে আঘাত, অতঃপর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই প্রবাসী ছেলের বিরুদ্ধে। পরিবারের অমতে বিয়ে করায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গাছের ডালের আঘাতে প্রথমে আহত হন এবং পড়ে বৃদ্ধের চিকিৎসাধীন মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিধা গাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন, শাহাজাহান (৫২)। নিহত মো. শাহাজাহান উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। তাঁর অভিযুক্ত ছেলের নাম শওকত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রবাসী ছেলে শওকত ক্ষুব্ধ হয়ে বাবাকে গাছের ডাল দিয়ে বাবাকে আঘাত করেন, এতে মাথায় শাজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

কালিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, প্রবাসী শওকত পরিবারের সদস্যকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের সদস্যরা এই বিয়ে মেনে না নেওয়ায় কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার (ওসি) রবিউল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রের গাছের আঘাতে পিতা আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।