হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় স্কুলছাত্রী হত্যা মামলার একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সাইফুর রহমান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলায় ধর্ষণচেষ্টা ব্যর্থ হওয়ার পর ১০ বছরের শিশুকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিল পাহাড়তলীর আব্দুল হাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরে ২৮ মার্চ শিশুটির মা আদালতে অপহরণের মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সেটি এজাহার হিসেবে গ্রহণ করে পাহাড়তলী থানা।

পরদিন ২৯ মার্চ ভোরে পাহাড়তলীর সাগরিকা বাই লেনের আলমতারা পুকুরপাড় এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পারে, প্রতিবেশী সবজি বিক্রেতা মো. রুবেল বিড়ালের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ফাঁকা বাসায় নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন।

তদন্তে আরও জানা যায়, হত্যার পর রুবেল মরদেহটি ওই বাসায় লুকিয়ে রাখেন। পরে রাতে লোকজন কমে গেলে মরদেহ বস্তাবন্দি করে ভ্যানে চাপিয়ে আলমতারা পুকুরপাড় এলাকার ডোবায় ফেলে দেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন।

এক ছেলে ও এক মেয়ের জনক রুবেল পাহাড়তলীর কাজীর দীঘি এলাকায় বসবাস করতেন এবং ভ্যানে করে সবজি বিক্রি করতেন। একই এলাকার বাসিন্দা শিশুটি তার পোশাক শ্রমিক মা ও দাদির সঙ্গে সেখানে থাকত।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী: ৮৯৪ কোটির প্রকল্পের পরও উপকূলে আতঙ্ক

সকালে নিখোঁজ, বিকেলে খালে মিলল বৃদ্ধের মরদেহ

জমিতে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

রেললাইনে হাঁটছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সীতাকুণ্ডে বাসচাপায় যুবক নিহত