চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। গতকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে যোগ দেন।
সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান আজ বুধবার জানান, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।
উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে।
উপাচার্য হিসেবে যোগদানের আগে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী সিভাসুর উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর জন্ম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি সিভাসু থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি ও পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন।
২০০৩ সালে সিভাসুর মেডিসিন ও সার্জারি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি শিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।