হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটের অচলাবস্থা ২৮তম দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২৮ দিন ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এ অবস্থা নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একাডেমিক কার্যক্রম পুনরায় চালু এবং সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পর্যায়ে কমিটি গঠনের বিষয়ে জরুরি সুপারিশ পাঠাতে বলা হয়েছে।

গতকাল (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অচলাবস্থা নিরসন ও একাডেমিক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ইউজিসির সদস্য পর্যায়ে তদন্ত বা পর্যালোচনা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সুপারিশ বা প্রস্তাব জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

এর আগে ১৬ অক্টোবর চুয়েটের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি বা পরামর্শক দল গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

ভার্চ্যুয়াল ওই সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ সিন্ডিকেটের ১৫ সদস্যের মধ্যে ছয়জন অংশ নেন। চুয়েটের কোনো শিক্ষক প্রতিনিধি সভায় যোগ দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক প্রতিনিধিও যোগ দেননি।

চুয়েটের অচলাবস্থার সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই দিন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। ২৭ জুলাই দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তিনি পদ হারান। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু হয়। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচিতে যুক্ত হন। ফলে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

দীর্ঘ অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। ছয়টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন পরীক্ষাসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস আরও ফাঁকা হয়ে পড়েছে।

গত ১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ১৩ অক্টোবর জেলা প্রশাসন ও পুলিশ তাঁকে নিরাপত্তার সঙ্গে ক্যাম্পাস থেকে বের করে আনে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং চট্টগ্রাম সার্কিট হাউস থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮টি গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা