বিজ্ঞানের উৎকর্ষের এ যুগে বন্ধ্যাত্ব মেনে নেওয়ার বিষয় নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বন্ধ্যাত্বের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেক দম্পতির সন্তান লাভের আশা তৈরি হচ্ছে। বিজ্ঞানের সফলতায় এখন চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকে জয় করা সম্ভব।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরে লিন নিসা ফার্টিলিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘বন্ধ্যাত্ব চিকিৎসায় বিজ্ঞানের অগ্রগতি, আমাদের অবস্থান ও ভবিষ্যতের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন লিন নিসা ফার্টিলিটি সেন্টারের চিফ কনসালট্যান্ট ও সায়েন্টিফিক ডিরেক্টর ডা. রেশমা শারমীন।
এ সময় উপস্থিত ছিলেন লিন নিসা ফার্টিলিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আল নোমান মোহাম্মদ ইউনুস, পরিচালক মুহাম্মদ আবুল হাসেম, আবদুল মোসাবির হাবিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শেফায়েত হোসেন।
ডা. রেশমা শারমীন বলেন, বিজ্ঞানের এই যুগে বন্ধ্যাত্ব মানার নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বন্ধ্যাত্বের চিকিৎসায় অনেক সুযোগ তৈরি হয়েছে। তবে প্রতিটি দম্পতির শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজন। তাই সঠিক মূল্যায়নের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা করা জরুরি। তিনি বলেন, সন্তান ধারণের চিকিৎসা একটি দীর্ঘ যাত্রা হতে পারে। এ ক্ষেত্রে দম্পতির ধৈর্য, আশা এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট দলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব হলো প্রমাণভিত্তিক চিকিৎসা নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়ায় রোগীদের পাশে থাকা।