হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরের বড়পোল এলাকায় আগুন দেওয়ার চেষ্টায় ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে নগরের বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।