হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্মঘট সফল করতে চবি প্রক্টরকে মোবাইল ফোনে হুমকি ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি

প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন। ছবি: সংগৃহীত

সর্বাত্মক ধর্মঘট সফল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের বিরুদ্ধে। আজ মঙ্গলবার মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে এ হুমকি দেওয়া হয়।

নিষিদ্ধ সংগঠনটির ডাকা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল বুধবারের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার কথা বলেন আবরার শাহরিয়ার।

মুঠোফোনে আবরার শাহরিয়ার বলেন, ‘আগামীকালের কর্মসূচি আমরা বাস্তবায়ন করবই, সেটা যেভাবেই হোক। বিএনপির মতো অগ্নিসন্ত্রাস কিংবা শিবিরের মতো টিচার্স বাসে ককটেল হামলার পথ অনুসরণ করব না। আপনারা আমাদের কর্মসূচি ও ধর্মঘট সফল করতে দেন। নইলে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।’

ছাত্রলীগের চবি শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার। ছবি: সংগৃহীত

জবাবে প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ‘যদি তোমাদের কোন কিছু থেকে থাকে, তাহলে তোমরা সেভাবে করবা। আর প্রশাসনের আইনগত যে ব্যবস্থা আছে, তারা সেটা করবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি।’

প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক আছে।