হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনিয়মের অভিযোগে সাতকানিয়ায় রেস্তোরাঁসহ তিন দোকানিকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার কেরানীহাট ও দস্তিদারহাট এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেরানীহাট এলাকার মেহফিল রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় রেস্তোরাঁটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জা করার দায়ে দস্তিদারহাট এলাকার দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রেখে অতিরিক্ত আলোকসজ্জা করার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।