হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোর চক্রের হাত থেকে উদ্ধার বন্দরের মূল্যবান নোঙর ও শিকল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুরি হওয়া জাহাজের নোঙর ও শিকল উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ। ছবি: আজকের পত্রিকা

কর্ণফুলী নদীতে নতুন শাহ আমানত সেতুর কাছে বয়া থেকে খুলে নেওয়া তিনটি নোঙর ও লোহার শিকল উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মালামালগুলো আটকের পর আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে কোস্ট গার্ড, নৌ পুলিশ, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো বুঝে নেয় বন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের ভাষ্য, একটি সংঘবদ্ধ চোর চক্র বন্দরের সংরক্ষিত এলাকা থেকে এ ধরনের মালামাল চুরি করে আসছে। চক্রের সদস্যরা বয়া থেকে তিনটি নোঙর ও শিকল খুলে বার্জে করে নিয়ে যাচ্ছিলেন।

তামান্নাজ এন্টারপ্রাইজের লোকজন গতকাল রাতে মালামালগুলো আটকে দেন। পরে তাঁরা কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদরঘাট থানা কর্তৃপক্ষকে খবর দেন। কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা এসে সারা রাত মালামালগুলো পাহারা দেন।

লিখিত জিম্মানামার মাধ্যমে মালামালগুলো বুঝে নেন বন্দরের ইনল্যান্ড জাহাজ মাস্টার মো. আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. তানভীর রহমান ও কোস্ট গার্ডের কর্মকর্তা মো. এরশাদ।

সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন তামান্নাজ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম।

বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. তানভীর রহমান বলেন, এটা ভুল-বোঝাবুঝি, অন্য কিছু নয়।

মো. নুরুল ইসলাম বলেন, ‘মালামালগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় আমরা আটকে দিয়ে সংশ্লিষ্টদের খবর দিই। আজ সেগুলো বন্দর কর্তৃপক্ষ নিজেদের আয়ত্তে নিয়ে নেয়।’