হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোনকে ‘বিধবা’, ছেলে-ভাতিজাকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে মেম্বারের পরিবারে ৫ ভাতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের পরিবারের পাঁচ সদস্যের নামে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে বিবাহিত বোনের নামে বিধবা ভাতা এবং সুস্থ ছেলে ও ভাতিজার নামে প্রতিবন্ধী ভাতা নেওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকৃত দরিদ্র ও অসচ্ছলদের বাদ দিয়ে ইউপি সদস্য নিজের পরিবারের সদস্যদের সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুনির উদ্দিনের বোন সাবরিনা আক্তার পিংকির নামে ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (এমআইএস) নম্বরে নিয়মিত বিধবা ভাতা তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, ২০২২ সালের ১৩ জানুয়ারি তিনি আবু লোকমানকে বিয়ে করেন। বর্তমানে সাবরিনা চট্টগ্রাম সদর রেজিস্ট্রি অফিসে নকলনবিশ হিসেবে কর্মরত। তাঁর স্বামীও একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে চাকরি করেন।

মুনির উদ্দিনের ছেলে মোহাম্মদ আবরার বিন মুনিরের নামেও রয়েছে প্রতিবন্ধী ভাতার এমআইএস নম্বর। স্থানীয়দের দাবি, আবরার সুস্থ এবং ইউনিয়নের একটি হেফজখানায় পড়াশোনা করছেন।

একইভাবে ইউপি সদস্যের বড় ভাই মো. আলম উদ্দিনের ছেলে হাসান বিন আলম সাজিদের নামেও প্রতিবন্ধী ভাতা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, সাজিদ রায়পুর এজাহারুল উলুম দাখিল মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী এবং ২০২৭ সালে তাঁর দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

এ ছাড়া মুনির উদ্দিনের বাবা মো. শামসুল আলমের নামে প্রতিবন্ধী ভাতা এবং মা তাহেরা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড রয়েছে। সব মিলিয়ে তাঁর পরিবারের পাঁচ সদস্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে প্রকৃত প্রতিবন্ধী হয়েও ভাতা পেতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম উদ্দিন। তাঁর ১৯ বছর বয়সী বোন সেলিনা আক্তার জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী। প্রায় পাঁচ বছর আগে সমাজসেবা কার্যালয় থেকে সুবর্ণ কার্ড পেলেও ইউপি সদস্যের বাধায় তিনি ভাতা পাননি বলে অভিযোগ সেলিমের। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে কাগজপত্র জমা দেওয়ার পর প্রায় এক বছর আগে তাঁর নাম ভাতার তালিকায় ওঠে।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আনোয়ারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দীন বলেন, নিয়ম অনুযায়ী কোনো নারী বিধবা ভাতা পাওয়ার পর পুনরায় বিয়ে করলে তাঁর ভাতা পাওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে ভাতা বাতিল হওয়ার কথা। ইউপি সদস্যের ছেলে ও ভাতিজার প্রতিবন্ধী ভাতার বিষয়টিও তদন্ত করে দেখা হবে। অসত্য তথ্য বা অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের ফলে বিপর্যয়, পাসের হার ও জিপিএ দুটোই কমেছে

চট্টগ্রামে দলের সাংগঠনিক সভা শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটির প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আলোচনা

পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা: ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস পেল লিড প্লাটিনাম সনদ

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি পার্বত্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর

চট্টগ্রামে চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখ টাকাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার