হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিন ছেলে প্রবাসে, চন্দনাইশে নিঃসঙ্গ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চন্দনাইশের বাড়ি থেকে আবদুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

জীবন-জীবিকার প্রয়োজনে সন্তানেরা সবাই দূরদেশে। স্ত্রীও সেখানকারই কোনো এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একাকী মৃত্যুর সঙ্গে লড়ছেন। ৬৫ বছর বয়সী আবদুর রহমানেরই যেন কেবল নিজ দেশে ফেরার তাড়া ছিল। তাই তো চট্টগ্রামে তাঁর শূন্য বাড়িটিতে নিঃসঙ্গ প্রহরীর জীবন যাপন করছিলেন। বিচ্ছিন্নতাকে সঙ্গী করে কবে, কখন মৃত্যু উপত্যকায় পাড়ি জমালেন, টের পেল না কেউই। গতকাল সোমবার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় চন্দনাইশ থানা-পুলিশের উপস্থিতিতে গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমানের তিন ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন। তাঁর স্ত্রীও বর্তমানে বিদেশের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। একসময় আবদুর রহমানও ছেলেদের সঙ্গে বিদেশে ছিলেন। তবে প্রায় এক বছর আগে দেশে ফিরে নগরপাড়ার বাড়িতে একাই বসবাস শুরু করেন। নিজের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ নিজেই করতেন।

গাউসিয়া কমিটির মানবিক টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পান যে, নগরপাড়ার একটি ঘরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পুলিশের অনুমতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এশার নামাজের আগে স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, সর্বশেষ গত বৃহস্পতিবার আবদুর রহমানকে এলাকায় দেখা গিয়েছিল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন সামাজিক কারণে তিনি অনেকটাই সমাজ থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছিলেন।

নিহত আবদুর রহমান সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে গাউসিয়া কমিটির মানবিক টিমের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

লিটন মিয়া জানান, এলাকাবাসীর তথ্যমতে, গত বৃহস্পতিবার আবদুর রহমান সর্বশেষ তাঁর প্রবাসী ছেলেদের সঙ্গে কথা বলেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে স্ট্রোক বা অন্য কোনো স্বাভাবিক কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রামে সাত বছরের শিশুকে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

কিউ টার্মিনালসের ছয় সদস্যের প্রতিনিধিদলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

চট্টগ্রামের বোয়ালখালী: জমি দখল করে বহুতল ভবন

১৮ মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে প্রথম কারখানা দেখতে চান প্রধানমন্ত্রী: বেজা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী