হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্ভাবনাময় মেরিন খাতকে সরকার কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না: নৌপরিবহনমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিশ্ব মেরিটাইম দিবস ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী। ছবি: সংগৃহীত

সম্ভাবনাময় মেরিন খাতকে সরকার কোনোভাবেই বিনা পদক্ষেপ, বিনা যত্ন ও বিনা চেষ্টায় ব্যর্থ হতে দিতে চায় না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। খাতটির বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সরকারকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আজ বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলার বদলপুরায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বিশ্ব মেরিটাইম দিবস ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।

অনুষ্ঠান উপলক্ষে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, র‍্যালি, বেলুন ওড়ানো, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন শেখ রবিউল আলম।

বাংলাদেশের বিশাল সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে শুধু সমুদ্রগামী নাবিক তৈরির মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না বলেও উল্লেখ করেন তিনি। শিপ ম্যানেজমেন্ট, বন্দর পরিচালনা, জাহাজ নির্মাণ ও মেরামত, মেরিন ইনস্যুরেন্সসহ বিভিন্ন তীরভিত্তিক মেরিটাইম সেবা সম্প্রসারণের মাধ্যমে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি গড়ে তুলতে হবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া এবং নৌপরিবহন বিভাগের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম। তিনি বলেন, ‘নীতি থেকে বাস্তবায়ন এবং সম্ভাবনা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব।’