হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন চুয়েট ভিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কেবিনে রয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা ভালো এবং তাঁকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কেবিনে রয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ বুধবার বিকেল ৩টায় ২৯ নম্বর ওয়ার্ডের গেটে সাংবাদিক পরিচয়ে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত এক আনসার সদস্য বাধা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আনসার সদস্য জানান, নতুন উপাচার্য কেবিনের ভেতরে অবস্থান করছেন।

চুয়েটের ভিসি কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর অধ্যাপক শেখ শরীফুল আলম ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম তাঁদের উদ্ধার করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্য ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার বলেন, ‘ওনার স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন উনি।’

আন্দোলনরত শিক্ষার্থীরা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং দুই দিন ভিসির রুটিন দায়িত্ব পালনকারী ড. আরাফাত রহমান রানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে। চলমান আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর অধ্যাপক সায়েককে বাদ দিয়ে নতুন ভিসি হিসেবে অধ্যাপক শরীফকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে আন্দোলন শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে আন্দোলনে নামেন।

১২ অক্টোবর সকালে নতুন উপাচার্য কয়েকজন সহযোগীকে নিয়ে ভিসি কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে কার্যালয় ভবনের তালা ভাঙা হয়। একই দিন বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে নতুন উপাচার্য ও তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের ৭-৮ জন ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। ১৩ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁদের উদ্ধার করেন।

যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আহনাব শাহরিয়ার অর্ণব বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে লড়ছি। আমাদের দাবি পূরণ হলে আন্দোলনের ইতি টানব।’