চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় ওয়েবিলের নামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক গাড়িচালক ও তাঁর বন্ধুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের আকবরশাহ থানাধীন একে খান মোড়ে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ম্যাক্সিমা গাড়ির চালক মো. শাহাদাত হোসেন ও তাঁর বন্ধু মাসুম। তাঁদের মধ্যে মাসুম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, মাসুমের তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরের সিটি গেট থেকে জিইসি মোড় পর্যন্ত ১১ নম্বর অটোটেম্পু রুটের গাড়িগুলো থেকে নিয়মিত চাঁদা আদায়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সাধারণ চালকদের অভিযোগ, এ রুটে গাড়ি চালাতে হলে ওয়েবিলের নামে দৈনিক ও মাসিক হারে টাকা দিতে হয়।
মঙ্গলবার সকালে আহত চালক মো. শাহাদাত হোসেন বলেন, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতা কয়েকজনকে নিয়ে তাঁর কাছে ওয়েবিলের ১৫০ টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনো আয় না হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা জানান। কিছুক্ষণ পর হাসান, রনিসহ সাত-আটজন এসে আবারও টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়।
শাহাদাত আরও বলেন, ‘এ সময় হাসান ছুরি বের করে এলোপাতাড়ি ঘোরাতে থাকেন। আমার বন্ধু এগিয়ে এলে তাঁর পেটে ছুরি লাগে। তখন আমার পিঠেও ছুরি দিয়ে একাধিক আঘাত করা হয়।’
আহত শ্রমিক ও সাধারণ চালকদের অভিযোগ, হামলাকারীরাও পরিবহন শ্রমিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, সংগঠনটির আকবরশাহ থানা শাখার সভাপতি নুর ইসলামের নেতৃত্বে তাঁর অনুসারীরা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। নুর ইসলাম ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের অভিযোগ সত্য নয়। ওয়েবিলের নামে আমি কোনো চালকের কাছ থেকে টাকা আদায় করি, এটা কেউ বলতে পারবে না। তবে আমার নাম ভাঙিয়ে অনেকেই টাকা আদায় করে বলে শুনেছি। এ ধরনের কাউকে পেলে ধরে আমাকে ফোন দেওয়ার জন্য বলেছি। কয়েক দিন আগেও আমার নাম ভাঙিয়ে চাঁদা তোলার অভিযোগে চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।’
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’