হোম > সারা দেশ > চট্টগ্রাম

উপাচার্যের পুনর্বহালের দাবিতে চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

তৃতীয় দিনের শাটডাউনে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা মানববন্ধনও করেন। কর্মসূচিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক সায়েমকে অব্যাহতির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী দেবজিত দাশগুপ্ত বলেন, ‘সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাঁকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে।’

শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষকেরা র‌্যালি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন।

গতকাল বুধবার শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও আজ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।