পবিত্র মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে চট্টগ্রামের রাউজানে গাউছিয়া কমিটি, রাউজান পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে গহিরা আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (দ.)’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শোভাযাত্রাটি রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জলিলনগর আবছার মার্কেটসংলগ্ন খানকাহ শরীফে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ, কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে গহিরা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত জুলুছপূর্ব মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা এস এম আসাদ উল্লাহ। উদ্বোধন করেন গহিরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কেবিনেট সদস্য মুহাম্মদ তৌহিদুল করিম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার সভাপতি এস এম ইয়াছিন হোসাইন হায়দারী। আখেরি মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী।
বক্তারা বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার প্রিয় নবী (সা.)-এর নূর মোবারকে দূর হয়েছিল। একইভাবে অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা গুরুত্বপূর্ণ। পবিত্র রবিউল আউয়াল বিভেদ ভুলে সবাইকে এক কাতারে শামিল হওয়ার শিক্ষা দেয়। তাঁরা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে মুক্ত হয়ে তরুণ প্রজন্মকে নবীজির আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।