নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি ইন হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।
পুলিশ জানায়, রোববার রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে নৈশকালীন টহল চলাকালে খবর আসে ৯-১০ জনের একটি ডাকাতদল মোগরাপাড়া চৌরাস্তা-সংলগ্ন এলাকায় অটোরিকশা নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
পরে রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যান। পরে তাদের দেহ ও ব্যবহৃত অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর: নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্চ ও প্লাস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।