চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে পাইকারি বাজার খাতুনগঞ্জের মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন লাঠিসোঁটা হাতে একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে পড়েন। এরপর তাঁরা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানজীরুল ও অনীক দত্ত নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজাসহ একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।