হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছুরিকাঘাতে আহত যুবক পড়ে ছিলেন রাস্তায়, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিহত সাকিব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

এই বিষয়ে চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, এক যুবকের সঙ্গে মোবাইল ফোন সেট নিয়ে সাকিবের বিরোধ হয়েছিল। এর জেরে তাঁকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী যুবক শরীফ উদ্দিন বলেন, ‘কামালবাজার লায়লা সেন্টারের সামনে ওই যুবক পড়ে আহত হয়ে পড়ে ছিলেন। আমি এবং আরও দুই পথচারী মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

পরবর্তীতে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওই পথচারী।