হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও শিশুকন্যা দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলো মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে আরিফা। তাদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ ও শিশুটির ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে আজ বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাসাটি ঘিরে রাখা হয়। বিস্ফোরণে বাসার দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনমালিকের দাবি, ওই বাসায় গ্যাসের সরবরাহ লাইন কিংবা গ্যাসের সিলিন্ডার ছিল না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।