হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক খুন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত মো. মানিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে। গত সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ইউসুফ আলী মাস্টারের বাড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক। নিহত মানিক একই এলাকার মো. ছৈয়দের পুত্র। তাঁর সংসারে স্ত্রী ও এক কন্যা রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আনোয়ারা থানায় একই এলাকার মৃত আবু নাসের কন্ট্রাক্টরের ছেলে মো. রাসেলকে (৩৬) প্রধান আসামি ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মাদক কারবারি রাসেল ও মানিকের সঙ্গে মাদক কারবার টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাসেল ও তার এক সহযোগীর সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রাসেল ও তাঁর সহযোগীরা মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা মানিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের স্বজনেরা বলেন, ‘মা, স্ত্রী সন্তানের সঙ্গে ইফতার করে ঘরে বিশ্রাম নিচ্ছিল মানিক। কেউ একজন ফোন করে ঘর থেকে তাকে বাইরে নিয়ে যায়। পরে একটা ফোন আসে, ফোনে বলে মানিককে হত্যা করা হয়েছে, মেডিকেলে আছে। এটা শোনার পরে আমরা মেডিকেলে ছুটে যাই এবং তাঁর লাশ দেখতে পাই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রোকেয়া বেগম (৬০)। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে আমার ছেলেকে তারা খুন করেছে। আমি এ খুনের বিচার চাই।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আসামি রাসেলের বিরুদ্ধে থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। নিহতের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা। স্থানীয় ও স্বজনেরা টাকার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।’

চট্টগ্রামে কলেজছাত্রকে আটতলা থেকে ফেলে হত্যার ঘটনায় আরও দু’জন গ্রেপ্তার

চসিকের স্বাধীনতা সম্মাননা পেলেন যাঁরা

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর ওপর হামলায় গ্রেপ্তার ২

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ খননযন্ত্র ও ৩ ডাম্প ট্রাক বিকল

স্থানীয়দের হাতে মারধরের শিকার সময় টিভির সাংবাদিকসহ চবির ৩ শিক্ষার্থী

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘মুরগি চোর’ বলা নিয়ে সালিস, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ