চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্মাণাধীন রিভারভিউ শপিংজোনে দোকান বরাদ্দের জন্য ১৭টি শর্তে বিপাকে পড়েছেন প্রায় ৩৫ থেকে ৫০ বছর ধরে ব্যবসা করা পুরোনো ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাধারণ দোকানের জন্য ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডারসহ আর্থিক ও প্রশাসনিক শর্তগুলো তাঁদের সামর্থ্যের বাইরে বলে দাবি ব্যবসায়ীদের।
ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিজঘাট এলাকায় দীর্ঘ সাড়ে তিন দশক ধরে ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া ও নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি চউক দোকান বরাদ্দের আবেদন ফরম বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আবেদন ফরমের ‘খ’ অংশে যুক্ত ১৭টি শর্তের মধ্যে অতিরিক্ত জামানত, বর্ধিত ভাড়া, স্বল্প সময়ে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধ এবং জটিল কাগজপত্র দাখিলের শর্ত রয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের ভাষ্য, করোনা-পরবর্তী অর্থনৈতিক মন্দা ও বর্তমান বাজার পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন। নতুন শর্তগুলো তাঁদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
ব্রিজঘাট এলাকার প্রবীণ ব্যবসায়ীরা বলেন, জীবনের যৌবন দোকানেই কেটেছে। শেষ বয়সে ১৭ শর্তের বেড়াজালে দোকান হারালে পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় থাকবে না।
ভাঙনের কবলে পড়ে অন্য স্থানে ব্যবসা করা মুদিদোকানি মোহাম্মদ ফিরোজ বলেন, ‘ভাঙনের কবলে পড়ে দোকান হারিয়েছি আমরা। এত দিন পর শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরোনো ও সাধারণ ব্যবসায়ীরা বাদ পড়ে যান এবং প্রভাবশালী ও বিত্তশালীরা দোকানগুলো দখলে নিতে পারেন।’
মোহাম্মদ ফিরোজ বলেন, দোকান বরাদ্দের আর্থিক ও প্রশাসনিক শর্ত সাধারণ ব্যবসায়ীদের সামর্থ্যের বাইরে। বিশেষ করে প্রতিটি সাধারণ দোকানের বিপরীতে ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দেওয়ার বাধ্যবাধকতা তাঁদের জন্য বড় বাধা।
ব্যবসায়ীদের দাবি, ৩৫ বছরের অভিজ্ঞতা ও মানবিক দিক বিবেচনায় পুরোনো ব্যবসায়ীদের জন্য শর্তগুলো শিথিল করে সহজ শর্তে পুনর্বাসন ও দোকান বরাদ্দ নিশ্চিত করতে হবে।
জানা গেছে, ২০২৫ সালের ২৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা চার ঘণ্টার অভিযানে শত শত দোকান ভাঙা হয়। ওই সময় ব্যবসায়ীদের অভিযোগ ছিল, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাঁদের দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এর আগে ২০২৩ সালের ২৩ মে একই এলাকায় একদিনে ২৫০টি দোকান ভেঙে দেয় সিডিএ। ওই সময়ও বিনা নোটিশে অভিযান চালানোর অভিযোগ ওঠে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে কর্ণফুলী উপজেলা পরিষদ সরকারি প্রক্রিয়ায় ২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা ইজারা মূল্য নির্ধারণ করে দরপত্রের মাধ্যমে বাজারটি ইজারা দেয়। এরপর থেকে বাজারটি বারবার উচ্ছেদের কবলে পড়ে। ২০০৮ সালেও তৎকালীন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার ইজারা দেওয়ার উদ্যোগ নিলে সিডিএ আপত্তি জানায়।
সিডিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকান বরাদ্দের আবেদন ফরমের মূল্য ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য। পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখা থেকে ফরম সংগ্রহ করা যাবে। সিডিএর ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে জমা দেওয়ার সুযোগও রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত।
শর্ত অনুযায়ী, সাধারণ দোকানের জন্য আবেদনের সঙ্গে ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার জমা দিতে হবে। ফুড কোর্টের দোকানের জন্য ৮ লাখ এবং রেস্তোরাঁর দোকানের জন্য ২০ লাখ টাকা পে-অর্ডার দিতে হবে। পে-অর্ডারের ফটোকপি কিংবা ব্যাংক গ্যারান্টি গ্রহণযোগ্য হবে না।
সাধারণ দোকান ও ফুড কোর্টের দোকানের মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। রেস্তোরাঁর ক্ষেত্রে মাসিক ভাড়া ২০ হাজার টাকা। দোকান বরাদ্দ পাওয়ার পর এক বছরের ভাড়া অগ্রিম হিসেবে যথাক্রমে ৬০ হাজার ও ২ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে হবে। অর্থ জমার পর চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া হবে এবং দোকানের দখল হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হবে। ভাড়াটিয়া শর্ত ভঙ্গ না করলে প্রতিবছর চুক্তি নবায়ন করা হবে। দোকান পাওয়ার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ব্যবসা চালু করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকান অন্যের কাছে হস্তান্তর, সাবলেট বা উপভাড়া দেওয়া যাবে না।
শর্তে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র ও সত্যায়িত ছবি জমা দেওয়ার কথাও বলা হয়েছে। প্রতি তিন বছর পর নির্ধারিত ভাড়া ৫ শতাংশ হারে বাড়ানোর বিধান রয়েছে।
স্থানীয় বাসিন্দা এম মঈন উদ্দিন বলেন, ‘সিডিএ এসব শর্ত বহাল রাখলে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতি হবে। ব্রিজঘাট বাজারে বর্তমানে কী ধরনের ব্যবসায়ীরা দোকান করছেন, তা সিডিএ চেয়ারম্যান সরেজমিনে দেখে তাঁদের আর্থিক সামর্থ্য বিবেচনায় শর্ত পুনর্বিবেচনা করবেন—এটাই কামনা।’
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ব্যবসায়ীদের তালিকা করে তাঁদের অগ্রাধিকার দিতে হবে। বহিরাগতদের বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় দোকান বরাদ্দের ব্যবস্থা করা প্রয়োজন।’
ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন বলেন, ‘সব সমিতির তালিকা যাচাই করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিতে হবে। বাজার নির্মাণের আগে ব্যবসায়ীদের পাশের খালি মাঠে অস্থায়ীভাবে স্থানান্তরের ব্যবস্থাও করা প্রয়োজন। যা নিয়ে আমরা সিডিএতে বারবার যোগাযোগ করেছি।’
প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান বলেন, ‘কর্ণফুলী নদীর তীরে চরপাথরঘাটা মৌজায় চউকের মালিকানাধীন জমিতে রিভারভিউ শপিংজোন করার জন্য দোকান বরাদ্দের ফরমের বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন ফরম বিক্রি করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে দোকান বরাদ্দ দেওয়া হবে।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, ব্রিজঘাট এলাকায় প্রস্তাবিত মার্কেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।