চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে বরখাস্ত করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ চলাকালে চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।
এ ঘটনায় মামলা করার জন্য সিএমপি কর্তৃপক্ষ তাঁকে বাদী হতে নির্দেশ দেয়। তবে তিনি মামলার বাদী হতে রাজি হননি বলে জানা গেছে। এ কারণেই তাঁর বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগ আনা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন মুজাহিদুল ইসলাম। তাঁর বাড়ি গোপালগঞ্জে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।