হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মধ্যরাতে মেইল ট্রেনের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ইয়ার্ড থেকে স্টেশনমুখী ঢাকা মেইল ট্রেনের একটি বগির দুটি আসনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের কদমতলী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসছিল। রাত ১১টার দিকে ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বগিটির দুটি আসনে আগুন ধরে যায়।

আবু জাফর মজুমদার আরও জানান, ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। রেলকর্মীদের তৎপরতায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পরে রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আজ সকাল ৭টার দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছায়।