হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন ২০ জন। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার (২০ জুন) ভোর ৬টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

বিজিবির একটি টহল দল ও স্থানীয়রা সীমান্ত এলাকায় নজরদারিতে। ছবি: আজকের পত্রিকা

তিনি জানান, পুশ ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, পাঁচজন পুরুষ এবং চারটি শিশু রয়েছে।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে প্রতিহত করে। ফলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আরও জানান, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।