চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন শিক্ষার্থী ও নারী-শিশুরা।
বক্তারা আরও বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বিএনপি সরকারের আগের আমলেও বিদ্যুতের দাবি জানালে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। অথচ তৎকালীন প্রতিমন্ত্রীকেই আবারও বিদ্যুৎমন্ত্রী বানিয়েছে বিএনপি। অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, বিশিষ্ট আইনজীবী অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ বিভিন্ন স্তরের নেতারা।
মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।